যশোরে আগামী বছর থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষার্থীদের জুতা ও স্কুলব্যাগ দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। স্বাস্থ্য ও শিক্ষাকে সরকারি সেবার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, আগামীতে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণির মৌলিক মানদণ্ড, বিদ্যালয় পরিদর্শনের নিয়ম ও কার্যপদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতাসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্টসহ প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।