খুলনায় অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তাঁর নাম ফয়সাল বাদশা (৩৩)। তিনি খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার লবণচরা থানার মতিয়াখালী পঞ্চম গলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল বাদশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ পূর্ব শত্রুতার জেরে কয়েকজন সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে আমির হামজার বাড়িতে যান আসামিরা। সেখানে তাঁকে গুলি করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সাল বাদশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।