মুন্সীগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আড়ালিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে। তিনি মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সঙ্গে নিজ বসতঘরে অবস্থান করছিল ফাতেমা। এ সময় একটি সাপ তাকে দংশন করে।তৎক্ষনাৎ বিষয়টি বুঝতে না পেরে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি ছোট্ট প্রাণের এভাবে অকালে ঝরে যাওয়া পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। শিশুটির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সাপে কাটলে কোনো ঝাড়ফুঁক বা ওঝার কাছে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।