দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার ৪ নম্বর কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বাবু প্লাবন রায়। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি তিনি স্থানীয় মানুষের পাশে থেকে শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানান প্লাবন রায়। তিনি বলেন, ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করতে চান তিনি।
প্লাবন রায় আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কৈলাশগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর প্রার্থিতাকে ঘিরে আলোচনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও অন্যান্য আনুষ্ঠানিকতা নির্বাচন কমিশনের তফসিল ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।