খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম টুটপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় পশ্চিম টুটপাড়া মওলাবাড়ির মোড়ে পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
পরে মওলাবাড়ির মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি এস এম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, কেন্দ্রীয় নাগরিক ফোরামের সাংগঠনিক সচিব শাকিল আহমেদ, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মনজুরুল আলম, কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সহ-সভাপতি এস এম শামসুল আরিফ, উপদেষ্টা এমদাদ হোসেন, সেক্রেটারি কে এম শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রওনাক হোসেন (মুন) শিক্ষক মো. ইউনুস উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া স্থানীয় মসজিদের ইমাম, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
কর্মসূচিটি আয়োজন করে পশ্চিম টুটপাড়া নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন কমিটি। সহযোগিতায় ছিল খুলনা সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড অফিস।