খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের সংবাদ সম্মেলনে করা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আবিদা মুবাশ্বের।
শনিবার (২৯ আগস্ট) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে আবিদা মুবাশ্বের দাবি করেন, বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা মৌজায় থাকা প্রায় ১ দশমিক ০৭ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জমিটির মালিকানা ও দখল নিয়ে বিভিন্ন সময়ে দেওয়ানি মামলা হয়েছে এবং আদালতের বিভিন্ন আদেশও হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের পক্ষ থেকে তার ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, অনধিকার প্রবেশসহ বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। এসব অভিযোগকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মো. দাউদ আলীর ওয়ারিশ মো. ওমর ফারুকসহ কয়েকজন ব্যক্তি তাদের জমিতে অনধিকার প্রবেশ করে অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি এবং হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আবিদা মুবাশ্বের বলেন, জমিটির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাই আইন নিজের হাতে না নিয়ে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জমি নিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।