খুলনায় প্রায় ২৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা-পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে হরিণটানা থানাধীন খুলনা–সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট মোড় এলাকায় জননী এন্টারপ্রাইজের সামনে চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সাইদুল (৪৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
তাঁর হেফাজত থেকে স্বর্ণ খচিত ডায়মন্ডের লকেটসহ তিনটি স্বর্ণের চেইন, বিভিন্ন ধরনের ৪৫টি নোজ পিন (নাকফুল), ১২ জোড়া কানের দুল, আটটি লকেট, তিনটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করেন।