নিজস্ব প্রতিনিধি, বটিয়াঘাটা (খুলনা):
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গরিয়াডাঙ্গা গ্রামে ঘেরের অংশের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই স্বজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশ হালদার (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পলাশ হালদার জানান, তিনি মৃত গৌরহরি হালদারের ছেলে এবং গরিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার দাবি, ঘেরের আয় থেকে শান্তনু হালদারের (৩৫), পিতা মৃত শ্যামাপদ হালদারের, প্রাপ্য ১১,০৫০ টাকার মধ্যে ১০,০০০ টাকা পরিশোধ করতে গেলে বাকি ১,০৫০ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
অভিযোগে তিনি বলেন, একপর্যায়ে শান্তনু হালদার অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে তাকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে অভিযুক্ত ব্যক্তি একটি দেশীয় ধারালো দা নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় লোকজন ও আহতের স্ত্রী লাজু হালদার এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন পলাশ হালদার জানান, সুস্থ হওয়ার পর তিনি বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
এ বিষয়ে অভিযুক্ত শান্তনু হালদারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
স্থানীয়রা জানান, ঘেরের আয়-ব্যয় ও টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার পাশাপাশি প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।