খুলনার লবণচরা থানার আলোচিত রফিক গাজী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য।
র্যাব-৬ জানায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ইমন শরীফ (২৭) ও সজল খানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি খুলনা মহানগরের লবণচরা এলাকায়।
র্যাবের ভাষ্য, গত ১২ জুন সকাল সাড়ে ১১টার দিকে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ট্রান্সপোর্ট ব্যবসায়ী রফিক গাজীর পথরোধ করে দুর্বৃত্তরা। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় রফিক গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ইমন শরীফ ও সজল খানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।