রবিউল ইসলাম রবি মল্লিক, স্টাফ রিপোর্টার,খুলনা ভিশন।
পাইকগাছা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে স্থানীয় ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইনের বিরুদ্ধে। স্থানীয় একটি মহলের দাবি, তিনি উপজেলার পুরাইকাঠি ও বাকা বাজারের বিভিন্ন গোপন আস্তানায় সরকার পতনের ষড়যন্ত্রমূলক বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।
অভিযোগ রয়েছে, উৎপল বাইন পাইকগাছা উপজেলা ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিগত ফ্যাসিস্ট আ’লীগ সরকারের অন্যতম দোসর হিসেবেও তাকে চিহ্নিত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি দলীয় প্রতিটি মিটিং-মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলে স্থানীয়রা জানান।
তার বিরুদ্ধে আওয়ামী আমলে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগও রয়েছে। তৎকালীন নিশিরাতের এমপি আখতারুজ্জামান বাবুর সহযোগিতায় শিক্ষক নিয়োগ বাণিজ্যের ব্যাপক জনশ্রুতি রয়েছে। এছাড়া কয়রা উপজেলার মহেশ্বরীপুর এন,এ,জি,ডি কান্তরাম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার করে সভাপতি হওয়ার পর শিক্ষক নিয়োগে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, তিনি প্রথমে আইয়ুব মুছা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। পরবর্তীতে দলীয় কোটায় ও তথাকথিত নিশিরাতের এমপির প্রভাবে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন। তিনি ওই এমপির ভোট ডাকাতি ও নির্বাচনী অনিয়মের অন্যতম সহযোগী ছিলেন বলে অভিযোগকারীদের দাবি।
সম্প্রতি আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তিনি আবারও ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিএনপির একটি মহলের সাথে যোগসাজশ করে দলে অনুপ্রবেশের তদবির করছেন বলেও নির্ভরযোগ্য সূত্রে খবর মিলেছে।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।