খুলনার বটিয়াঘাটা উপজেলায় যাত্রাশিল্পীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় যাত্রাশিল্পের ঐতিহ্য রক্ষা, শিল্পীদের মর্যাদা ও পেশাগত সংকট নিয়ে আলোচনা করা হয়। যাত্রাশিল্পীদের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন যাত্রা শিল্পী পরিষদ, খুলনা জেলার সভাপতি সৌমেন রায় ও সাধারণ সম্পাদক শিশির ঢালী।
সভায় বক্তারা বলেন, একসময় গ্রামবাংলার বিনোদন ও সংস্কৃতিচর্চার অন্যতম মাধ্যম ছিল যাত্রাপালা। আধুনিক বিনোদনের বিস্তারের কারণে ঐতিহ্যবাহী এ শিল্প এখন নানা সংকটে পড়েছে। যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদেরও অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হচ্ছে।
বক্তারা বলেন, যাত্রাশিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে শিল্পীদের পাশে দাঁড়ানো, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং নতুন প্রজন্মকে যাত্রাশিল্পের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।
সভায় উপস্থিত বিএনপির নেতারা যাত্রাশিল্পীদের পাশে থাকার এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।