রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বিএনপি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির মনোনয়ন পেয়েছেন দাকোপ–বটিয়াঘাটার জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিক, তৃণমূলের আস্থাভাজন নেতা আলহাজ্ব আমির এজাজ খান।
মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই দাকোপ ও বটিয়াঘাটার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল, মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যা তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে আমির এজাজ খানকে প্রার্থী হিসেবে চাওয়ার একটি জোরালো প্রত্যাশা ছিল। রাজনৈতিক সংগ্রাম, দলীয় সংকটে নেতৃত্ব এবং সামাজিক কর্মকাণ্ড—সব মিলিয়ে তিনি এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব।
নেতাকর্মীদের মতে, এই মনোনয়ন বিএনপির সাংগঠনিক শক্তিতে নতুন উদ্দীপনা যোগ করবে এবং আসন্ন নির্বাচনে জনমনে নতুন প্রত্যাশা তৈরি করবে। মনোনয়নের পর থেকেই নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা–১ আসনের রাজনৈতিক অঙ্গন আরও উষ্ণ হয়ে উঠছে। সমর্থকদের আশা—আমির এজাজ খানের নেতৃত্বে দাকোপ–বটিয়াঘাটা এবার নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে।