খুলনা মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ের ‘মেসার্স শেফা মেডিকেল হল’-এর সামনে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপসা উপজেলার মিল্কি দেহারা এলাকার মো. সিমবাদ চৌধুরী (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকার মো. রুবেল হাওলাদার (৩১)। রুবেল বর্তমানে খুলনা সদর থানার বড় বাজার রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে স্কচ টেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।
লবণচরা থানার একটি দল সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি তাঁদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ডও যাচাই করা হয়েছে। এর মধ্যে সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে একটি এবং রুবেল হাওলাদারের বিরুদ্ধে একটি পূর্ব মামলা থাকার তথ্য পাওয়া গেছে।