বাগমারায় পরিত্যক্ত জায়গা থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে বাগমারা মেইন রোডস্থ আদর্শ পল্লীর বিপরীত পাশে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত জায়গা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এক অজ্ঞাত ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পরিত্যক্ত স্থানে প্রবেশ করলে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে লাল টেপে মোড়ানো আনুমানিক ১২ থেকে ১৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।