খুলনা, ২৩ জানুয়ারি ২০২৬:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার খুলনার ছয়টি আসনে প্রার্থীদের দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, মতবিনিময় সভা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সমাবেশের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
খুলনা–৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আজিজুল বারী হেলাল দিনের কর্মসূচি শুরু করবেন সকাল ৭টায় রূপসার আইসগাতি কাজীপাড়ায় ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে। সকাল ১০টায় তিনি তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাগদী গ্রামে সরস্বতী পূজা অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এতে উপস্থাপনা করবেন বিশিষ্ট টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরী এবং গানে গানে প্রশ্নের জবাব দেবেন শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি। রাতে দিঘলিয়া ও রূপসার বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সকাল সাড়ে ৭টা থেকে গুটুদিয়া ও আরাফাত নগর এলাকায় গণসংযোগ ও মহিলা সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। দুপুর পর্যন্ত ফলইমারী, শিবপুর ও বাদুরগাছা এলাকায় গণসংযোগ শেষে বিকেলে ফুলতলা উপজেলায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। রাতে আটরা গিলাতলা এলাকায় উঠান বৈঠকে অংশ নেবেন তিনি।
খুলনা সিটি এলাকায় নজরুল ইসলাম মঞ্জু ও দলের অন্যান্য নেতৃবৃন্দ নিউমার্কেট কাঁচা বাজার, শেখপাড়া বাজার, নতুন বাজার ও রূপসা আড়তসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাবেন। এছাড়া বিকেলে রিকশা শ্রমিকদের সমাবেশ এবং সন্ধ্যার পর পূর্ব বানিয়া খামার এলাকায় আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা–৩ আসনে হাতপাখা মার্কার প্রার্থী খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডের চিত্রালী বাজার ও কবুতর হাট এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণসংযোগ করবেন।
একই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সকাল ৯টা থেকে ১৪ নম্বর ওয়ার্ডে টানা গণসংযোগ শুরু করবেন। এদিন তিনি দোয়া মাহফিল, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি এবং বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেবেন।
খুলনা–৪ আসনে জামায়াতসহ ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন সকাল সাড়ে ৯টায় জেলখানা এলাকায় উপস্থিতির মাধ্যমে প্রচারণা শুরু করবেন। এরপর মধুপুর, ছাগলাদাহ, তেরখাদা, ছাছিয়াদাহ ও শেখপুরা বাজার এলাকায় পর্যায়ক্রমে নামাজ, গণসংযোগ ও মিছিলের কর্মসূচি রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট প্রার্থীরা।