আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রবিবার সব সরকারি অফিস আদালত ঘেরাও ও সোমবার থেকে তিনদিন সকাল-সন্ধ্যা হরতালসহ চারদিনের নতুন কর্মসূচির ঘোষনা দিয়েছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি।
তৃতীয় দফা নতুন এই কর্মসূচিতে রবিবার জেলা-উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও করে অবস্থান, সোম, মঙ্গল ও বুধবার তিনদিন বাগেরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির। শনিবার বিকালে বাগেরহাট শহর ও উপজেলাগুলোতে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল, সমাবেশ থেকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবি অবিলম্বে মেনে না নেয়া হরে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমাবেশে বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এম.এ সালাম বলেন, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ প্রহণ করেন। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারন করে। ইসির এই সিদ্ধান্তে প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে।##