• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলায় ৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ হরতালে ইউএনও ও নির্বাচন অফিসে তালা : জনজীবন অচল

বাগেরহাট প্রতিনিধি / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে হরতালসমর্থকারীরা। এতে অচল হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল চলছে সর্বদলীয় ঐক্যের ডাকে, বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ করেন সর্বদলীয় ঐক্যের নেতারা। বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মুসা সাঈফী প্রমুখ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চারটি আসন বাতিলের গেজেট প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং বাগেরহাট জেলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
হরতালের কারণে বুধবার সকাল থেকে উপজেলা সদর থেকে দূরপাল্লাসহ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রায়েন্দা বাজার, তাফালবাড়ী বাজার, আমড়াগাছিয়া বাজার ও রাজাপুর বাজারসহ আশপাশের সব দোকানপাট বন্ধ রয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, “হরতাল সমর্থনকারীরা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় আমি বুধবার অফিসে প্রবেশ করতে পারিনি।”##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা