খুলনা প্রতিনিধি
ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন মহিলাদলের কর্মী সভা সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জামিরা বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। নারী-শিশুর জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রাধান্য বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলাদলের সভাপতি শিল্পী বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলাদলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেতারা বেগম।
এর আগে আলী আসগর লবি ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে ২০টি ফ্যান প্রদান করেন এবং কলেজ সরকারি করার আশ্বাস দেন। পরে তিনি কলেজ চত্বরে বৃক্ষরোপণও করেন।
ছবি ক্যাপশন: জামিরা ইউনিয়ন মহিলাদলের কর্মী সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি।