আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বাগেরগাটের মোড়েলগঞ্জে ভুয়া ঋণ দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাত, দুদকের মামলা
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
বাগেরহাটের মোরেলগঞ্জ শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট। বুধবার (২৭ আগস্ট) রাতে দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি দুদক জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
এ মামলার আসামিরা হলেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব), মোরেলগঞ্জ উপজেলা শাখার উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ ফরিদ উদ্দিন, কর্মকর্তা শেখ নজরুল ইসলাম, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মঈনুদ্দিন হিরু, আবুল কালাম আজাদ মল্লিক। রূপালী ব্যাংক পিএলসি, বারুইখালী শাখার সাবেক ব্যবস্থাপক জাহিদুর রহমান, নৃপেন কুমার পাল, মোঃ মকলুকার রহমান, একই শাখার জুনিয়র অফিসার মোঃ আজম শেখ, ক্যাশিয়ার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ তালুকদার, ২য় অফিসার আদিত্য কুমার মÐল এবং অফিসার ও ২য় কর্মকর্তা সুজন কুমার সুতার।
মামলার বিবরণীতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব লঙ্ঘন করে ২০১৭ সালের ২১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছে। অপরাধীরা সদস্যদের নামে ভুয়া ঋণ আবেদন তৈরি, আবেদনপত্রে কাগজপত্র সংযুক্তকরণ, রেজুলেশনে বোর্ডের চেয়ারম্যান ও সেক্রেটারিসহ অন্যান্য সদস্যদের ভুয়া স্বাক্ষর প্রদানের মাধ্যমে উক্ত ঋণ আবেদন মঞ্জুর করে রূপালী ব্যাংক পিএলসি, বারুইখালী শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাটে উক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের চেকে ভুয়া স্বাক্ষর করে টাকা আত্মসাৎ করেছে। যা দন্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর অধীন একাধিক প্রতিষ্ঠানের মধ্যে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মোরেলগঞ্জ টিসিইউ) একটি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের সদস্যদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে ৬ সদস্যের সমন্বয়ে একটি রেজুলেশন বোর্ড রয়েছে। রেজুলেশন বোর্ডের সদস্যদের মূল কাজ হলো, সদস্য অনুমোদন, সদস্যদের ঋণ আবেদনপত্র যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া এবং ঋণ বিতরণের টাকা যথানিয়মে আদায় সংক্রান্ত তদারকি করা। রূপালী ব্যাংক পিএলসি, বারুইখালী শাখা, মোরেলগঞ্জ, বাগেরহাটে উক্ত প্রতিষ্ঠানের হিসাব নং-৩০৩৮০২৪০০০০১৩ (এসটিডি-১৩) রয়েছে। উক্ত হিসাবটি রেজুলেশন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম হাওলাদার, রেজুলেশন বোর্ডের সেক্রেটারি মোঃ হারুন অর রশিদ ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আসামি মোঃ ফরিদ উদ্দিন এই তিনজনের স্বাক্ষরযুক্ত চেকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে আসামি মোঃ ফরিদ উদ্দিন উক্ত প্রতিষ্ঠানের হিসাবের চেক বই, ঋণগ্রহীতাদের বেতনের মূল ব্যাংক চেক বইসহ প্রতিষ্ঠানের সকল রেজিস্টার সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ফরিদ ও অন্যান্য আসামিরা যোগসাজশে এই টাকা আত্মসাৎ করেছেন।
দুদক বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ রাসেল রনি বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে মামলাটি করা হয়েছে। মামলার এজাহার আদালতে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।##
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.