ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফবি মায়ের দোয়াসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার জেলেরা হলেন- আব্দুর রাজ্জাক, রাকিব, ফারুক, কামাল, আলম, জাকারিয়া, সজীব ও রাকিবের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১৪ আগস্ট এফবি মায়ের দোয়া নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে আট জন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর ইঞ্জিন বিকল হয়ে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে থাকে।
তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি রবিবার সকালে মোবাইল নেটওয়ার্কে আসলে ওই বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে ৫ নম্বর বয়ার সমুদ্র এলাকা থেকে আট জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।##