নিজস্ব প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মাদক মামলার ইউসুফ (২৩) নামে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
খুলনা মেডিকেল কলেজের একটি সূত্র জানা যায়, ৬ আগস্ট খালিশপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় আসামি ইউসুফ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বুকে ব্যাথা উঠলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হয়। ওই সেলে মাকসুদ আলম নামে আরও একজন আসামি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ৩ টার দিকে মাকসুদ বাথরুমে যাওয়ার প্রয়োজন জানায়। এ সময়ে সেখানে উপস্থিত পুলিশ কনস্টেবল রাব্বি আলী তালা খুুলে দেয় এবং তাকে বাথরুমে নিয়ে যায়। তবে পুলিশ কনস্টেবল দরজার তালাটি বন্ধ করতে ভুলে যায়। পরবর্তীতে বাথরুম থেকে মাকসুদকে ফেরত নিয়ে আসার সময় অপর আসামি ইউসুফ সেলে আর নেই। সেখান থেকে সে পালিয়েছে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ) মো. আবু তালেব জানান, প্রিজন সেলের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পুলিশের। বাইরের প্রধান ফটকে নিরাপত্তায় থাকেন কারারক্ষীরা। দুই পক্ষের গাফিলতি ছিল। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।