খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের একটি ডোবায় পড়ে সাগর (৩০) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর হঠাৎ মাথা ঘুরে ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা না করে ফায়ার সার্ভিসের অপেক্ষা করতে থাকেন। পরে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
দীর্ঘ সময় ধরে কোনো উদ্ধার কার্যক্রম না হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ডোবায় ফেলে দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাগর নামে এক ব্যক্তি ডোবায় পড়ে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উত্তেজিত জনতার কারণে ফায়ার সার্ভিসের ওপর হামলার ঘটনাও ঘটেছে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হলে হয়তো সাগরকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।