আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৫
নিউজ ডেক্স
গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি’র (এনসিপি) সমাবেশস্থলে ভাঙচুর এবং সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এদিন বিকাল ৩টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে এনসিপি’র নেতা-কর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
সড়কে আটকা পড়া এনসিপি’র নেতা-কর্মীদের গাড়ি বহর নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন রওনা দিয়েছি, তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ ও যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে।’
এর আগে দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে ফিরছিলেন তারা। ফেরার পথেই তাদের গাড়ি বহরে হামলা হয়।
এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান তারা।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.