হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন ভুয়া তালিকা প্রণয়ন করে অন্তত ১৮শ’ জনের নামে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যার পরিমাণ প্রায় ১৮ টন চাল।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্তত ৩শ’জন উপকারভোগী বঞ্চিত হয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, তালিকায় একজনের নাম একাধিকবার ব্যবহার, মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা এবং এক ওয়ার্ডের লোকজনকে অন্য ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা তাহাজ্জত আলী জানান, তার মৃত প্রতিবেশী রবিউল ইসলামের নাম তালিকায় রয়েছে, যিনি তিন বছর আগে মৃত্যুবরণ করেন। এমন আরও অনেক মৃত মানুষের নাম পাওয়া গেছে তালিকায়।
মাধবপাড়া গ্রামের কাশেম আলীর স্ত্রী বেগম জানান, ভিজিএফ তালিকায় তার সিরিয়াল ২৩৭৬ থাকলেও, চাল নিতে গেলে তাকে জানানো হয় তার নাম নেই। শুধু তিনি নন, এমন অভিযোগ করেছেন প্রায় পাঁচশো নারী।