আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
ফুরফুরা শরীফে ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মমতা ব্যানার্জি
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৫
ফুরফুরা শরীফে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার জাঙ্গিপাড়ায় অবস্থিত ফুরফুরা দরবার শরীফ ভবনের মুসাফিরখানায় তিনি ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারসহ মুসলিম ধর্মগুরুরা।
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী হিসেবে এটি মমতার তৃতীয় সফর। এর আগে ২০১২ এবং ২০১৬ সালে ফুরফুরা শরীফ পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে গত দুইদিন ধরেই তাকে নিশানা করে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ছিল– ভোট ব্যাংক গোছাতেই মুখ্যমন্ত্রী ফুরফুরা যাচ্ছেন। উনি প্রতিবার বিধানসভা ভোটের আগে ফুরফুরায় যান। ২০১৬ সালেই গিয়েছিলেন। এখনই ভোট এসেছে, তাই ফের তাকে ফুরফুরায় যেতে হবে।
সে প্রসঙ্গে এদিন ইফতারের শুরুতে মমতা বলেন, মুসলিম ধর্মস্থানে এলেই আমাকে নিয়ে কেন প্রশ্ন ওঠে? আমি তো সব ধর্মস্থানেই যাই। আমি যখন দুর্গাপুজো করি বা কালী পুজো করি, তখন তো এই প্রশ্ন করেন না? আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আবার নিজে ইফতার করি। আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি।
সকল ধর্মালম্বীদের মঙ্গল কামনা করে মমতা বলেন– আমি আল্লাহ তায়ালার কাছে দোয়া করব, রমজান মাসে তিনি যেন সকলের রোজা কবুল করেন। আমি দোয়া করব, সকলে যেন শান্তিতে থাকেন। সম্প্রতি, শান্তি, ঐক্য— সকলকে ভালো রাখার জন্য এটাই আমার বার্তা।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.