শুক্রবার (৭ মার্চ) থালাপতির রাজনৈতিক দলের উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকের আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
এবার এই ইফতারে যোগ দেয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ করা হলো অভিনেতার বিরুদ্ধে। অভিনেতার কর্মকাণ্ড ঘিরে এক বিস্ফোরক অভিযোগ আনল তামিলনাড়ুর সুন্নাত এ জামাত নামে একটি সংগঠন। তাদের দাবি, অভিনেতা বিজয় যা করেছেন, তা মুসলিম সম্প্রদায়কে অপমান করেছেন।
সংগঠনটি আরও দাবি করেছে, ইফতারের মতো ধর্মীয় এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেককেই অংশগ্রহণ করেছে সেখানে; বিশেষ করে উচ্ছৃঙ্খল ও মাতাল মানুষদের ডেকে ইফতার করিয়েছেন বিজয়- এমনই দাবি। শুধু তাই নয়, এই ইফতার সমাবেশে এমন বক্তব্য দেয়া হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করা হয়।
অভিযোগ নিয়ে চেন্নাই থানায় গেছেন সংগঠনটি, বিজয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। সেখানে বলা হয়েছে, প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত আনে। এ ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে।
পুলিশ প্রশাসন বলছে, এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।