খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-এ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পরিসংখ্যান ডিসিপ্লিনকে ৩৪ রানে পরাজিত করে তারা শিরোপা জয় করে।
প্রথমে ব্যাট করতে নেমে ইসিই ডিসিপ্লিন নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। জবাবে পরিসংখ্যান ডিসিপ্লিন ১৬.৩ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায়। ইসিই ডিসিপ্লিনের জাহিদ হাসান ৩৮ রান সংগ্রহ ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা
ম্যান অব দ্য টুর্নামেন্ট: ইসিই ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব (৬ ম্যাচে ৯৯ রান ও ৭ উইকেট)
সর্বোচ্চ রান সংগ্রাহক: বাংলা ডিসিপ্লিনের মোঃ সবুজ ইসলাম (৪ ম্যাচে ১৩৮ রান)
সর্বোচ্চ উইকেট শিকারী: ইসিই ডিসিপ্লিনের সাগর মণ্ডল (৩ ম্যাচে ৯ উইকেট)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ইসিই ডিসিপ্লিন
ফাইনাল ম্যাচ শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারও বিতরণ করা হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।