• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ডিপিএলে এখনও দল পাননি লিটন

ডেক্স নিউজ / ১১১ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

এই সময় লিটন দাসের দলের সঙ্গে পাকিস্তানে থাকার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি এই টপ অর্ডার ব্যাটারের। বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএলে অবশ্য আলো ছড়িয়েছেন লিটন। সামনেই ওয়ানডে ফরম্যাটে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়াবে । যার দুই দিনের দলবদলের ডেডলাইন শেষ হয়েছে আজ। কিন্তু এখনও গন্তব্য ঠিক হয়নি লিটনের। কোনো ক্লাবকেই চূড়ান্ত ঠিকানা হিসেবে ঠিক করতে পারেননি এই উইকেটকিপার।ডিপিএলের জন্য নির্ধারিত দুই দিনের দলবদলের সূচির আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল দ্বিতীয় দিন। আজ সন্ধ্যায় দুইদিনে দলবদল করা ১৬৫জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে সিসিডিএম, যে তালিকায় নাম নেই লিটনের। গতকাল প্রথম দিনেই সিসিডিএম কার্যালয়ে এসে নিজের টোকেন তুলে নিয়ে গেছেন লিটন। কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেননি গতবার আবাহনীর হয়ে খেলা দেশের ক্রিকেটের এই বড় তারকা।

তবে পারফরম্যান্সের কারণে লিটন দল পাচ্ছেন না–ব্যাপারটা এমন নয়। তাকে দলে নিতে আগ্রহী দলের সংখ্যা কম নয়, এমনকি বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনাও গড়িয়েছিল লিটনের। কিন্তু শেষ পর্যন্ত আর চুক্তিতে গড়ায়নি আলোচনা। যার জন্য লিটনের উচ্চ পারিশ্রমিক হাঁকানো দায়ী। ডিপিএলের জন্য লিটন বড় অঙ্কের অর্থ দাবি করেছেন ক্লাবগুলোর কাছে। গণমাধ্যমের খবর অনুযায়ী অঙ্কটা ৫০ লাখ বা তার আশেপাশে।

লিটনের কি তবে এবারের ডিপিএলে খেলা হচ্ছে না? আপাতত তেমন শঙ্কা নেই। সিসিডিএম থেকে লিটন যেহেতু টোকেন তুলেছেন, যেকোনো সময়ই দল বেছে নিতে পারবেন তিনি। খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে তার মর্জির ওপরেই।

বিপিএলে এবার আগের চেয়ে কম পারিশ্রমিকে খেলেছেন খেলোয়াড়রা। ডিপিএলেও অবস্থাটা একই রকম। পারিশ্রমিক কমে যাওয়ার বিষয়টি নিয়ে আজ গণমাধ্যমের সামনে আক্ষেপ করেছেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত টাকার জন্যই খেলে ক্রিকেটাররা। প্রতিটি টুর্নামেন্ট থেকেই যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু জাতীয় দলের ক্রিকেটার না, অনেক ক্রিকেটার আছে, যাদের ঘরোয়া ক্রিকেট খেলে পরিবার চালাতে হয়। তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়।’

একই রকম আক্ষেপ প্রকাশ করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লেখানো মোহাম্মদ মিঠুনও। তিনি বলেন, ‘যতই দেশের প্রেক্ষাপট বলেন বা অজুহাত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দিন শেষে যখন চাকরি করবেন, আপনি কিন্তু যথাযথ পারিশ্রমিকই আশা করবেন।আমাদের পেশা কিন্তু ক্রিকেট। আশা করি, গত বছর যেখানে শেষ হয়েছে, সেখান থেকে উন্নতি করার। কিন্তু এখন সব ক্রিকেটারের পারিশ্রমিক কমেছে এবং সেটা বড় অঙ্কে কমেছে। যেটা পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা আশা করি না।’–তিনি যোগ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা